চারুকলা বন্ধ, ৯৫তম দিনে চবি শিক্ষার্থীদের মূল ক্যাম্পাসে অবস্থান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউট বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। এ সময় তারা সব চবি শিক্ষার্থীকে পাশে দাঁড়ানোর অনুরোধ করে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের এক দফা দাবিতে মানববন্ধন করেন।
আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নিয়ে এ মানববন্ধন করেন তারা।
মাস্টার্সের শিক্ষার্থী অভি বলেন, ‘শিক্ষামন্ত্রীর আশ্বাসেও আমরা সুফল পাইনি। আমাদের আন্দোলন বানচাল করে দেওয়ার জন্য চারুকলা ক্যাম্পাস ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসন যা কিছুই করুক চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আমরা অটল থাকব।’
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তমা বলেন, ‘চারুকলা বন্ধ করলেও মূল ক্যাম্পাস তো আমাদের জন্য বন্ধ না। তাই আমরা মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। আমাদের একটাই দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক।’
রোববার শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
কিছু হলেই শাটল ট্রেনের চাবি নিয়ে উধাও ছাত্রলীগ
আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী সঞ্জয় বলেন, ‘৯৫ দিন পার হয়ে গেলেও এখনো স্থানান্তরের বিষয়ে কোনো সুরাহা হয়নি। আমরা মূল ক্যাম্পাসে আসতে চাই।’
চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কারসহ ২২ দফা থাকলেও পরবর্তীতে তা ক্যাম্পাসে স্থানান্তরের এক দফা দাবিতে রূপ নেয়।
লাগাতার আন্দোলনের ৮২তম দিনে শিক্ষামন্ত্রীর আহ্বানে শর্ত সাপেক্ষে শিক্ষার্থীরা খোলা মাঠে ক্লাস করার সিদ্ধান্ত নেন। এক সপ্তাহেও সংস্কার কাজের কোনো অগ্রগতি না হওয়ায় গত ৩০ জানুয়ারি আবারো ক্লাস বর্জন করে আন্দোলনে যান শিক্ষার্থীরা।
জনতার আওয়াজ/আ আ