চার দাবিতে ফের মাঠে গড়াচ্ছে রাজনীতি! - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চার দাবিতে ফের মাঠে গড়াচ্ছে রাজনীতি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর আবারও মাঠে গড়াচ্ছে রাজনীতি। চার দফা দাবিতে যুগপৎভাবে কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। আজ রোববার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির জানিয়েছেন, দাবি আদায়ে আবারও রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অন্য দলগুলোও পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। এর মাধ্যমে যুগপতের অংশ হিসেবে চলতি সেপ্টেম্বরজুড়ে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলগুলো, যা শুরু হবে এই সপ্তাহ থেকেই। তবে দুটি দল যুগপতের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে দলগুলোর সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। অবশ্য আনুপাতিক হারে আগামী সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে গত ১৩ আগস্ট রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এবার দাবি আদায়ে সমমনা দলগুলোও যুগপৎভাবে মাঠে নামছে।

জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়েই বেশি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়েই গেছে। গত বৃহস্পতিবারও জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দিনব্যাপী আলোচনা হয়। কিন্তু জটিলতা কাটেনি। আজ রোববার আবারও কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক হবে। তবে জুলাই সনদ চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে ঐকমত্য কমিশন। এরই মধ্যে সাত দফার ভিত্তিতে সনদের চূড়ান্ত খসড়া গত বৃহস্পতিবার রাতে দলগুলোর কাছে পাঠিয়েছে। সনদে স্বাক্ষর করবেন এমন দুজন নেতার নাম গতকাল শনিবার ঐকমত্য কমিশনকে জানিয়েছে ১৫টি দল। এমন অবস্থার মধ্যেই চার দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণার মাধ্যমে রাজপথে নামতে যাচ্ছে ৮টি রাজনৈতিক দল।

জানা যায়, জুলাই সনদ বাস্তবায়ন, আইনি স্বীকৃতি আদায়সহ চার দাবিতে যুগপৎ কর্মসূচি দিচ্ছে আটটি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে রয়েছে—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ এবং সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তবে এবি পার্টি আন্দোলনে থাকছে না বলে জানা গেছে। এ নিয়ে দলটির ভেতরে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া এনসিপিও যুগপতে যাচ্ছে না বলে জানিয়েছে দলটি।

দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই সনদের স্বীকৃতি আদায়ে মূলত বিএনপি ও সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই কর্মসূচিতে যাচ্ছে দলগুলো। যেসব দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে, সেই দাবিগুলো হচ্ছে—১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, ২. আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, ৩. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং ৪. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব) গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, ২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ারই অংশ। পরের কাজ ছিল সংবিধান, আইন ও রাজনৈতিক সংস্কার করে দেশে স্বৈরাচার সৃষ্টির সম্ভাব্য সব পথ রুদ্ধ করা। কিন্তু দুঃখের সঙ্গে দেখছি যে, মৌলিক সংস্কার সম্পন্ন না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও পুরোনো অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন বাস্তবতায় স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক, সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে নয়ছয় করা হচ্ছে। পুরোনো বন্দোবস্তে নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে। সামগ্রিকভাবে প্রতীয়মান হচ্ছে যে, জুলাইয়ের আত্মত্যাগ ম্রিয়মাণ হতে চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হতে দিতে পারে না। আমাদের দাবি সুস্পষ্ট। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, এর আইনি ভিত্তি চাই। দ্রুততার সঙ্গে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে চাই। ফ্যাসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে নয়। বরং জুলাই অভ্যুত্থানের রক্ত ও জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবির পক্ষে কর্মসূচি তুলে ধরা হবে বলে জানান চরমোনাই পীর।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গতকাল কালবেলাকে বলেন, তারা যুগপৎভাবে কর্মসূচির বিষয়টি আলোচনা করছেন। আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এবি পার্টির দপ্তর সম্পাদক আনোয়ার সা’দাত টুটুল গতকাল কালবেলাকে বলেন, যুগপতের কর্মসূচির বিষয়ে তাদের দলীয় ফোরামে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। দলের চেয়ারম্যান ওমরাহ পালনে পরিবারসহ সৌদি আরবে রয়েছেন। তার সোমবার দেশে ফেরার কথা রয়েছে। এরপর কোনো আলোচনা হলে সেটি জানানো হবে।

যুগপৎ বা জোটে যাচ্ছে না এনসিপি—এমনটি জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কালবেলাকে বলেন, জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে, তা মিস লিডিং। তিনি বলেন, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল; কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এ ছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ