চার-পাঁচজন উপদেষ্টা একটি দলের প্রতি অনুগত : গোলাম পারওয়ার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চার-পাঁচজন উপদেষ্টা একটি দলের প্রতি অনুগত : গোলাম পারওয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনার উপদেষ্টা পরিষদের চার-পাঁচজন উপদেষ্টা একটি দলের প্রতি অনুগত। তারা ওই দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এতে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তাদের আপনি সতর্ক করুন, না হলে সরিয়ে নতুন উপদেষ্টা মনোনয়ন দিন।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি : গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার দাবি করেন, একটি দলের পকেটে রাষ্ট্রকে ঢুকিয়ে দিতে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা। তারা ওই দলের পছন্দ অনুযায়ী ডিসি-এসপি বদলি করে দলীয় লোকদের ওই সব পদে পদায়ন করছেন। এই পরিস্থিতিতে সংস্কারের কোনো মূল্য থাকে না, সুষ্ঠু নির্বাচন হবে, এমন বিশ্বাস করা যায় না।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে জনমনে সংশয় তৈরি হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করার আগে অমীমাংসিত ইস্যুগুলো মীমাংসা করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক মো. কোরবান আলীর সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে সেমিনারের বিষয়বস্তুর ওপর বক্তব্য উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা, সাবেক সচিব, সাবেক ভিসি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করার দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ