চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে হত্যার হুমকি! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে হত্যার হুমকি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন লোকচক্ষুর আড়াল ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। বিয়ে, সংসার ও সন্তানের পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আবারও আলোচনায় তিনি। কিছুদিন আগে স্বামীকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন। পপির মা ও বোনের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে এর আগেও বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়েছেন এ অভিনেত্রী। আবারও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

তবে এবার পপি এনেছেন তাকে হত্যার হুমকির অভিযোগ। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায়ও ভুগছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

পারিবারিক বিরোধ ও সম্পত্তি সমস্যাকে কেন্দ্র করে তাকে পরপর হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পপি।

পপি জানান, তার চাচাতো বোনজামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছেন। গণমাধ্যমে তিনি নিশ্চিত করেন, বছরখানেক ধরে চলা এই ভয়ভীতি এখন এতটাই বেড়েছে যে নিকট-আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারেননি। খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকি দিয়েছেন তারেক।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পপির ভাষ্য, ‘১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেছেন। খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই। বিষয়টি জানতেই তারেক ফোন করে জানায়, সেখানে গেলেই আমাকে মেরে ফেলবে। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি।’

এই নায়িকা দাবি করে বলেছেন, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি জমি কেনেন। দলিল থাকা সত্ত্বেও তিনি সেই জমির দখল পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, জমিটি দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। জমি ভোগ করতে গেলেই নানা ভয় দেখানো হয়।

এ অভিনেত্রী আরও বলেন, ‘আগের সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন বিএনপির নেতাদের সঙ্গে সখ্য গড়ে একই হুমকি-ধমকি দিচ্ছে তারেক। সে স্পষ্ট বলেছে, খুলনায় গেলে জীবিত ফিরতে পারব না আমি।’

অভিযোগ সম্পর্কে জানতে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কোনো কথা বলেননি। পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। তিনি প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

চলতি বছরের জুলাই মাসে অভিযুক্ত তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনেন পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন। আপন ভাচতি জামাই ট্রাস্ট ব্যাংকে কর্মরত তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেন তিনি।

উল্লেখ্য, পপি বর্তমানে কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন। তার কারণে দুটি সিনেমায় শুটিংও আটকে আছে। কিছুদিন আগে পপি গণমাধ্যমে বলেছিলেন, অভিনয়ে না ফিরলেও প্রযোজক হিসেবে আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছে রয়েছে তার। তবে তার কারণে আটকে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করে দেওয়ার কথাও জানান এই নায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ