ছাত্রলীগকে মোনায়েম খানের পেটোয়া বাহিনীর সঙ্গে তুলনা করলেন জাফরুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগকে মোনায়েম খানের পেটোয়া বাহিনীর সঙ্গে তুলনা করলেন জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে পাকিস্তান আমলের মোনায়েম খানের পেটোয়া বাহিনীর সঙ্গে তুলনা করেছেন ডা. জাফরুল্লাহ। তি‌নি বলেন, আজকে মোনায়েম খানের পিতার পুনর্জন্ম হয়েছে। মোনায়েম খানের সময় এনএসএফের গুন্ডাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। আজকে বর্তমান সরকার ছাত্রলীগের গুন্ডাদের দিয়ে অন্যের মিছিল ভাঙ্গায়।

শনিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে ড. কামালের দল গণফোরাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কথা দিয়েছিলেন, বিরোধী দল মিটিং মিছিল করতে পারবে। তাদের বাধা দিবেন না বরঞ্চ চা খাওয়াবেন। এখন চায়ের বদলে তাদেরকে হাজতে পাঠাচ্ছেন। মামলা মোকদ্দমা দিচ্ছেন। আর কত? কোন ফ্যাসিস্ট সরকার এসব করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আপনাকে এটা মনে করাতে চাই। অনুগ্রহ করে এ জাতীয় কার্যকলাপ থেকে বিরত থাকেন।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিএনপির মত মহাসমাবেশ করার পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনিও মিটিং করেন। ওই (বিএনপি) মিটিংকে এককভাবে ভাবার কি আছে? আপনারও তো লোক সমাগম হচ্ছে। লোকসমাগম একেবারে হচ্ছে না যে তা নয়।’

পুলিশকে সাবধান করে তিনি বলেন, ‘আজকে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। এর চেয়ে লজ্জার কোন কথা হতে পারে না। পুলিশ ভাইয়েরা আপনারা সাবধান হোন, সরকারের তো অনেক খাদেমদারি করেছেন। কিন্তু দেখতে পারছেন তো কিভাবে আপনাদের চাকরি যাচ্ছে। সুতরাং আপনারা জনগনের পক্ষে থাকেন কোন দলের পক্ষে নয়।’

এ সময় সরকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রসঙ্গ তুলে ধরেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘একজনের আয়ের ৩২ শতাংশ টাকা চাল কিনতে খরচ হয়। অন্য খাদ্যদ্রব্য তো আছেই। এই উন্নয়ন আসলে কার উন্নয়ন?’

প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি পররাষ্ট্রনীতিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। এখন অন্যের দয়ার উপর বেঁচে আছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গোয়ার্তমি ছেড়ে দেন। সবার সঙ্গে আলাপে বসেন। সংঘাত না সংলাপ করেন।’

তিনি আরও বলেন, ‘আপনি আলাপে বসুন। আলাপ ছাড়া, সংলাপ ছাড়া সংঘাতে কোন কিছু নাই। আমরা আপনাকে নিশ্চিত করছি, সুস্থ নির্বাচন দিলে আপনাকে অভিনন্দন করব। যদি হেরে যান আমরা নিশ্চিত করব আপনার জীবন, জীবনযাত্রা ও আপনার রাজনৈতিক কার্যক্রম। আপনার ভয় পাওয়ার কিছু নেই।

সভায় সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি ড. শাহদীন মালিক, সাংবাদিকও কলামিস্ট আবু সাঈদ খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ