জাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতায় নিশ্চয়তায়’ স্লোগানকে সামনে রেখে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ এ ইশতেহার ঘোষণা করেন।

এসময় সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আয়েশা সিদ্দিকা মেঘলাসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত ৯ দফা ইশতেহারে রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের বিচার নিশ্চিত করা।

সেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, মানোন্নয়ন পরীক্ষার সুযোগ সৃষ্টি, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধ ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু।

বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় পূর্ণাঙ্গ ইকোলজিক্যাল মাস্টারপ্ল্যান, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ, কনজারভেশন ক্যাম্পেইন, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রিসাইক্লিং ব্যবস্থা শক্তিশালীকরণ।

র‍্যাগিং, গেস্টরুম কালচার ও সাইবার বুলিং প্রতিরোধ, ডাইনিংয়ে ৫০% ভর্তুকি আদায়, সুলভমূল্যে মানসম্মত খাবার সরবরাহ ও প্রতিটি তলায় বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন।

ক্যাফেটেরিয়ায় তিনবেলা খাবার ও বিকালের নাস্তা চালু, ডিজিটাল কুপন সিস্টেম সংযোজন, পূর্ণাঙ্গ মেডিকেল সেবা, ২৪/৭ অ্যাম্বুলেন্স চালু ও স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণ।

খেলার মাঠ, জিমনেসিয়াম ও ইনডোর গেমস সুবিধার উন্নয়ন, প্রতিটি বিভাগ ও হলে পর্যাপ্ত খেলার সামগ্রী সরবরাহ, নিয়মিত আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন।

যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ সেল শক্তিশালীকরণ, সাইবার বুলিং ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, মা শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্ণার, প্রতিটি ভবনে নারী কমনরুম ও আলাদা নামাজের ব্যবস্থা।

ক্যাম্পাসের দাপ্তরিক কার্যক্রমে অটোমেশন, স্মার্ট আইডি কার্ড চালু, অভ্যন্তরীণ পরিবহন সমস্যা সমাধান, ফুটপাত নির্মাণ ও পরিবহনে ‘লাইভ ট্র্যাকিং অ্যাপ’ সংযোজন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র‌্যাম্প, লিফট, ব্রেইল বই, অডিও বুক, ই-লার্নিং টুলস ও শ্রুতিলেখক সুবিধা নিশ্চিত করা।

ইশতেহার ঘোষণার আগে জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে ১০টি বিষয়। এর মধ্যে আমরা ‘হ্যাঁ’ বলব ডাইনিংয়ে ভর্তুকি আদায়, পরিবহন সমস্যা সমাধান, অটোমেশন, পূর্ণাঙ্গ মেডিকেল সুবিধা ও প্রাণ-প্রকৃতি রক্ষায়। আর ‘না’ বলব সেশনজট, ক্লাসে অবহেলা, নারীর প্রতি অসহিষ্ণুতা, মাদক ও চাঁদাবাজি, লাঞ্চের পর আসেন কালচার, র‍্যাগিং ও সাইবার বুলিংকে।

ভিপি প্রার্থী আরিফ উল্লাহ বলেন, আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সোচ্চার থাকব। জাকসুকে ফ্যাসিবাদবিরোধী ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ