জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত বাংলাদেশের ৬ শান্তিরক্ষী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মাননা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।

শনিবার (৬ জুন) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মরণোত্তর সম্মাননায় ভূষিত শান্তিরক্ষীরা হলেন—কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলি এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করার সময় শত্রুপক্ষের ড্রোন হামলায় তারা শাহাদাতবরণ করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অসাধারণ সাহসিকতা, পেশাদারিত্ব, কর্তব্যপরায়ণতা এবং আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।

সেনাবাহিনী আরও উল্লেখ করেছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে গিয়ে এই ছয় শান্তিরক্ষী যে আত্মত্যাগের নজির স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের বীরত্ব, নিষ্ঠা এবং দায়িত্ববোধ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অবদানের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

‎বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এই আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের স্মরণ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ