জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেক গণতন্ত্রবিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আমরা বারবার দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদকে নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করা হয়েছে। আমরা ১৯৮৬, এরপর ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬ এবং ৫ আগস্টের পর তাদের নানা বক্তব্য ও বিবৃতিতে আমাদের মনে হয়েছে—জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি। তারা নানাভাবে কৌশল অবলম্বন করে ধর্মের নামে এসব কাজ করছে। সামনের নির্বাচনকে বিতর্কিত করতে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে।”

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “পরাজিত ফ্যাসিবাদের দোসররা দেশে নেই, তারা পার্শ্ববর্তী দেশ থেকে কালো টাকা ও অবৈধ অস্ত্রের জোরে নানাভাবে কাজ করছে। গণতান্ত্রিক শক্তি কোনো কর্মসূচি দিলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে—এমন পরিস্থিতি চলছে। তবুও গোটা জাতি প্রত্যাশা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং সিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু মনে হচ্ছে, এই নির্বাচনকেও ঘিরে অনেকেই নানা ধরনের কুটকৌশল অবলম্বন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

বিএনপির এই মুখপাত্র বলেন, “আমরা একটি আদর্শের জন্য লড়েছি। এই আদর্শ কায়েম করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপসহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, নেতাকর্মীদের আত্মত্যাগে অনুপ্রাণিত করেছেন। আমাদের ডানে-বামে বা সামনে-পেছনে কে প্রভু আছেন, তা আমরা দেখিনি। আমরা শুধু চেয়েছি স্বাধীনতা অক্ষুণ্ন থাকুক, সার্বভৌমত্ব টিকে থাকুক। এই কারণেই ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে। এর পরও নানা ধরনের কথাবার্তা বলে ফ্যাসিবাদকে কায়েমের চেষ্টা চলছে।”

আরাফাত রহমান কোকোর মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, “তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি গণতান্ত্রিক আন্দোলনের একজন শহীদ। শেখ হাসিনার সরকারের অত্যাচারের কারণেই তার মৃত্যু হয়েছে।”

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ