জাতীয় ঐক্যের স্বার্থে সংসদ নির্বাচনের দিনেই গণভোট চায় জনগণ : কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
ছবি : প্রতিনিধি
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “দলের মনোনয়ন নির্ধারণে সিদ্ধান্ত আসবে অচিরেই। এর আগে আমাদের করণীয় হলো- খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কোনো ব্যক্তিগত বার্তা বা কথিত ‘গ্রীন সিগন্যাল’-এর গুজবে বিভ্রান্ত হবেন না।”
তিনি বলেন, “দলের দুঃসময়ে নেতাকর্মীরা সবসময়ই দলের মঙ্গল কামনা করে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হবে। বর্তমানে আমি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। মনোনয়ন পেলে আপনাদের সবাইকে নিয়ে মানুষের দোরে দোরে যাব। তবে মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দলেরই- দল থেকে ঘোষণা এলে তবেই সেটিই বিশ্বাসযোগ্য হবে।”
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “বিএনপি জনগণের দল- এই দলের মূল শক্তি দেশের মাটির মানুষ, শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির আস্থা ও বিশ্বাস। তাই প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির বার্তা ও পরিবর্তনের অঙ্গীকার।”
নির্বাচন ও গণভোট ইস্যুতে তিনি বলেন, “সরকার ও ঐকমত্য কমিশনের একতরফা পদক্ষেপগুলো গণতান্ত্রিক সংলাপ ও জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী। বিএনপি সংস্কার প্রক্রিয়ায় আন্তরিকভাবে অংশ নিচ্ছে; তবে মনগড়া কোনো সিদ্ধান্ত জাতির ওপর চাপিয়ে দেওয়া হলে তা দীর্ঘমেয়াদে দেশের জন্য অকল্যাণ ডেকে আনবে। জাতীয় ঐক্যের স্বার্থে সংসদ নির্বাচনের দিনেই গণভোট চায় জনগণ।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমান সময়ের প্রধান জাতীয় লক্ষ্য হওয়া উচিত—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। যেখানে জাতীয় ঐক্যের চেতনা অটুট থাকবে এবং শহীদদের রক্তে অর্জিত গণতন্ত্রের স্বপ্ন বাস্তব রূপ পাবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল বারী, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, সহসভাপতি মোঃ লুৎফুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মামুনুর রশীদ সুহেল, মাওলানা মোঃ মনির হোসেন, শরীফ আহমদ, আফজাল মেম্বার, দিলু মিয়া, শাহিন উদ্দিন, মনসুর আহমেদ, ফখরুল ইসলাম, মখদ্দছ আলী, নোমান লস্কর, মিজান, রেবাব আহমদ, মামুন আহমদ, কাইয়ুম আহমদ, সুলতান আহমদ, ইকবাল আহমদ, জামাল, আরিফ, লুবাব আহমদ, জুনেদ আহমদ, আরাফাত মিজান, জুবেল, আনঞ্জব আলী, শিপন আহমদ, সালমান প্রমূখ।
সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনগণ, সমর্থক ও শুভানুধ্যায়ী বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ