জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালনায় নুসরাত ফারিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

ঢালিউডের গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া। অভিনয়, মডেলিং, গান এবং উপন্থাপনা সর্বক্ষেত্রেই তার পদচারণা। শোবিজ অঙ্গনে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। বর্তমানে আলো ছড়াচ্ছেন বড়পর্দায়। তাই বলে সঞ্চালনা থেকে সরে আসেননি। মাঝে মাঝেই তাকে এ দায়িত্ব কাঁধে নিতে দেখা যায়। একই দৃশ্য দেখা যাবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মঞ্চে। এবারের এ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ফারিয়া।
আগামী ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেয়ে খুবই উচ্ছ্বসিত ফারিয়া।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি নেচেছি। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি। বিষয়টি ভেবে ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন আয়োজনে, তাই ভয়ও কাজ করছে। তবে এটাও সত্যি, আমার কাছে উপস্থাপনাকে ভীষণ চালেঞ্জিং মনে হয়। যাঁরা আমাকে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন, তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা- ঠিকঠাকভাবে যেন সবার ভালো লাগার মতো উপস্থাপনা করতে পারি।’
গত মাসে ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘ভয়’ সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকার ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। এতেও তার বিপরীতে আছেন অঙ্কুশ। ছবিটি পরিচালনা করছেন সৌমিক হালদার।
জনতার আওয়াজ/আ আ