জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৬, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৬, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। পথমধ্যে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। গতকাল শুক্রবার জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে অবস্থানরত চার সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।
ছবিটি প্রকাশ করা হয় ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট থেকে। এই ছবিতে এমভি আবদুল্লাহতে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। আর যাদের সবার হাতেই ভারী অস্ত্র রয়েছে।
এক্সের ওই পোস্টে জানানো হয়, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে।
গতকাল এক বিবৃতিতে ভারতীয় নৌ-বাহিনী জানিয়েছে, এমভি আবদুল্লাহ’র হাইজ্যাক হওয়ার খবর পেয়ে গত মঙ্গলবার ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফ্ট এলআরএমপি পি-৮১ মোতায়েন করে। পরে ভারতীয় নৌ-বাহিনী একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। যুদ্ধ জাহাজটি গত বৃহস্পতিবার জিম্মি জাহাজটিকে নজরদারি করতে শুরু করে। হাইজ্যাক করা ক্রু সদস্যদের (বাংলাদেশি নাগরিক) নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুদ্ধজাহাজটি সোমালিয়ার আঞ্চলিক জলসীমায় পৌঁছানো পর্যন্ত এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থানে থাকে।
শনিবার সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করা সেই জাহাজটি ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে গদবজিরান উপকূলে নেয়া হয়েছে। জাহাজটিকে সোমালিয়ার গদবজিরান শহর থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) পক্ষ থেকে কেএসআরএমের মালিকানাধীন এমভি আব্দুল্লাহর সর্বশেষ অবস্থান সম্পর্কে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিয়েছে দস্যুদের নতুন একটি দল।
গতকাল বিকালে আবার জাহাজটির অবস্থান পরিবর্তন করে তারা। গত বৃহস্পতিবার সোমালিয়ার উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল জাহাজটি। এরপর জলদস্যুদের আগের দল জাহাজ থেকে নেমে যায়। আরও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের নতুন দল দায়িত্ব বুঝে নেয়। নোঙর তুলে তারাই জাহাজটির অবস্থান পরিবর্তন করে। এদের সঙ্গে দোভাষী হিসেবে আছে ইংরেজি জানা একজন।
জনতার আওয়াজ/আ আ