জুবায়েদ হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনে দুর্বৃত্তদের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেন খুন হয়েছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার (২০ অক্টোবর) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে রাত ১১টার দিকে নিহত জুবায়েদের ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নিয়েছে। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে নেয়া হলেও এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। রাত ১০টা ৫০ মিনিটে নিহত জুবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করতেন।
গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের বাড়িতে বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ওই ছাত্রীর বাসার তিনতলায় তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। সিঁড়ি বেয়ে নিচ পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়। বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ জোনের ডিসি ওই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
জনতার আওয়াজ/আ আ