জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন জোট গড়ে তোলা হবে: মঞ্জু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন জোট গড়ে তোলা হবে: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন জোট গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করছে। নির্বাচন নিয়ে এখনো জনমনে সন্দেহ ও সংশয় কাটছে না। আমরা মনে করি, বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে এখনো নানা বিষয়ে মতভেদ প্রকাশ করছে, তাতে অন্তর্বর্তী সরকারের আরও শক্ত ভূমিকা নেওয়া প্রয়োজন। সরকার দৃঢ় না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

এবি পার্টি কোনো জোটে যাচ্ছে কি না — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলগতভাবে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি একটি মধ্যপন্থী জোট গঠনের প্রয়াসও চলমান রয়েছে। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে। কারও জেদ এবং হঠকারিতায় যদি গণতন্ত্রের পথ বিপন্ন হয়, ইতিহাস তাদের ক্ষমা করবে না। পলাতক ফ্যাসিবাদীর পাশে তাদের নাম লেখা থাকবে।”

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “এই সরকার গণঅভ্যুত্থানের সরকার; কিন্তু কেউ কেউ এটিকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সরকার বলে হেয় করার চেষ্টা করছে। মুসলিম লীগ ও আওয়ামী লীগ — দুটি দেশই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, কিন্তু রাজনৈতিক ভুলের কারণে ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হয়েছে। বাস্তবতা বুঝতে না পারলে আমাদের কারও কারও পরিণতিও তেমন হতে পারে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বি. এম. নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এ. বি. এম. খালিদ হাসান, ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসেন, শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, আব্দুল বাসেত মারজান, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (খুলনা) অধ্যক্ষ মো. ইয়ামিনুর রহমান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ