ঢাকায় ৭ দলীয় রাজনৈতিক মোর্চা গণতন্ত্র মঞ্চের সমাবেশ ১২ মে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় ৭ দলীয় রাজনৈতিক মোর্চা গণতন্ত্র মঞ্চের সমাবেশ ১২ মে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ ১৪ দাবিতে ঢাকায় সমাবেশ করবে ৭ দলীয় রাজনৈতিক মোর্চা গণতন্ত্র মঞ্চ। আগামী ১২ মে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে গণতন্ত্র মঞ্চের পক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

বৈঠকে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের আরও এক ধাপ অবনমনের বিষয়টি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, দেশে মানবাধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের এবারের অবস্থান ১৬৩তম। মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান পাকিস্তান, এমনকি আফগানিস্তানেরও নিচে৷ এই সরকার দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে৷ এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ সব বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করা।

সভা থেকে পরবর্তী দুই মাসের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সমন্বয়ক দলের দায়িত্ব অর্পণ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য মো. সিরাজ মিয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও যুগ্ম সচিব হাবিবুর রহমান হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ ও আরিফ তালুকদার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ