ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বয়কট করলেন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বয়কট করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার পক্ষ থেকে বয়কটের ঘোষণা দেন নির্বাচনী কমিটির প্রধান ইলিয়াস হোসেন।
সোমবার (১৭ জুলাই) রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ ঘোষণা দেওয়া হয়।
এসময় হিরো আলমের এজেন্ট ইলিয়াস হোসেন বলেন, হিরো আলমের ওপর হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা সম্পূর্ণ পরিকল্পিত। জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মীরা এ হামলা করেছে। এ নির্বাচন আমরা বর্জন করলাম।
তিনি বলেন, আমরা সম্পূর্ণরূপে এই নির্বাচন বয়কট করছি। এখন যদি হিরো আলম বিপুল ভোটে জয়ীও হন তবুও আমরা এই নির্বাচন বর্জন করছি। হিরো আলমের ওপর যারা হামলা করেছে তাদের বিচার চাই।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গেলে হিরো আলমকে একদল লোক মারধর করে। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
পরে রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন তিনি।
জনতার আওয়াজ/আ আ