ঢাকা-১৭-নির্বাচনী মাঠে সক্রিয় জামায়াত, কর্মীদের প্রস্তুতির ডাক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-১৭-নির্বাচনী মাঠে সক্রিয় জামায়াত, কর্মীদের প্রস্তুতির ডাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর ঢাকা-১৭ আসনে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এলাকায় বৈঠক, কর্মীসমাবেশ আর মাইক্রোপর্যায়ে সংগঠনের প্রস্তুতি এখন স্পষ্ট। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রোকন সম্মেলন।

সম্মেলনের প্রধান অতিথি, মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন কর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন শুধু ভোটের লড়াই নয়—এটি মানুষের ন্যায়ের শাসন ও নীতিনিষ্ঠ ভবিষ্যৎ গড়ার লড়াই। ঢাকা-১৭-এর প্রতিটি ঘরে ডা. এস এম খালিদুজ্জামানের সালাম ও দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে।

তার বক্তব্যে স্পষ্ট ছিল দলীয় কৌশলের ইঙ্গিত—ভোটের আগে ঘরে ঘরে পৌঁছানোই এখন মূল লক্ষ্য।

সম্মেলনের বিশেষ অতিথি ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেন, জামায়াতের বিজয় মানে ক্ষমতা দখল নয়, সেবার অঙ্গীকার। আমীরে জামায়াতের নির্দেশনা স্পষ্ট—জামায়াত ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে।

তিনি সাম্প্রতিক ছাত্রসংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের সক্রিয় ভূমিকার উদাহরণ টেনে বলেন, তরুণ প্রজন্মই এখন পরিবর্তনের শক্তি।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা, যেখানে পোলিং এজেন্টদের করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, এটি মূলত মাঠ পর্যায়ের সংগঠনকে নির্বাচনী বাস্তবতায় প্রস্তুত করার অংশ।

জুলাই আন্দোলনের স্মৃতি, নতুন প্রজন্মের প্রত্যাশা আর ভবিষ্যতের রাজনীতি—সব মিলিয়ে ঢাকা-১৭ এখন ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। এই আসনে জামায়াতের সংগঠিত কার্যক্রম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ