তারকাদের মনোনয়ন না দেয়ায় ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
তারকাপ্রার্থীদের না দিয়ে ত্যাগী ও যোগ্য, রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মনোনয়ন দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মনোনয়ন বঞ্চিত একঝাঁক তারকার প্রতিক্রিয়ায় যখন সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব, তখন এমন পাল্টা মন্তব্য জানালেন এ শিল্পী। তিনি নিজেও একজন সক্রিয় বিএনপি সমর্থক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন।
নিজ দলকে ‘লাল সালাম’ জানিয়ে ন্যান্সি লিখেছেন— ‘গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল— এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য, রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই অভিনন্দন।’
আলোচনায় থেকেও যেসব তারকারা মনোনয়ন পাননি, তারা হলেন— কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম ও রুকাইয়া জাহান চমক। তবে মনোনয়ন না পেলেও তারা দেশের জন্যই কাজ করে যাবেন বলে প্রত্যেকেই তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ