তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে: ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ২৫, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ২৫, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছে, তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয় বরং বিভ্রান্তি ছড়াতেই এসব বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে তাদের কখনোই দেখা যায়নি। প্রধানমন্ত্রী যেমন পদ্মা সেতুর ঘোষণা দিয়েছিলেন, তেমনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৫ মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে ‘তিস্তাপাড়ের ভালোবাসার বাজার’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “অনেক আগের সরকারই এই কাজের অগ্রগতি করে রেখেছিল, একনেক শুধু এটি পাস করিয়েছে। তবে তিস্তা হচ্ছে আমাদের বর্তমান মহাপরিকল্পনা। এই দুই কোটি মানুষের জন্য তিস্তা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে।”
সীমান্ত হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কোনো ব্যক্তিকে গুলি করে মারা উচিত নয়। সীমান্তে কেউ যদি অপরাধী হিসেবে প্রমাণিতও হয়, তবে তাকে আইনের আওতায় আনা উচিত।”
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকার বাজার’ উদ্যোগের প্রশংসা করে ত্রাণমন্ত্রী বলেন, হতদরিদ্র মানুষদের খুঁজে বের করে এক টাকার বিনিময়ে ১০টি পণ্য দেওয়া হচ্ছে। আগাম বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মানুষ নানা কষ্টের মধ্যে রয়েছে। এই দুর্যোগপূর্ণ সময়ে বিদ্যানন্দের এমন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমন মহৎ উদ্যোগের জন্য তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, রাশেদুল হক প্রধান, আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জনতার আওয়াজ/আ আ