তুচ্ছ ঘটনায় শ্বাসরোধে কিশোরকে হত্যার অভিযোগ, বন্ধু আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ

তুচ্ছ ঘটনায় গলা টিপে শ্বাসরোধ করে নবম শ্রেণি পড়ুয়া সিফাত (১৪) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহান (১৫) নামের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারর্দিচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত তিলারর্দিচর এলাকার দোলোয়ার হোসেনের ছেলে। সে রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
একই এলাকার বন্ধু সোহেল মিয়ার ছেলে সোহান (১৫) স্কুলছাত্র বন্ধুকে গলাটিপে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। হত্যাকাণ্ডের সাথে জড়িত সোহান স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করে।জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধু সিফাত ও সোহানের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহান সিফাতের গলা চেপে ধরে। এ সময় শ্বাসরোধে অচেতন হয়ে সিফাত মাটিতে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে মামাতো ভাই সাঈদসহ স্থানীয়রা সিফাতকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, ইফতারের পর দুই বন্ধু সিফাত ও সোহান একসঙ্গে ঘোরাঘুরি করছিলো বাড়ির বাইরে। রাতে তিলারর্দিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকোতে ওঠে দু’জন। এসময় সিফাত ধাক্কা দেয় বন্ধু সোহানকে। এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন সিফাত।
জনতার আওয়াজ/আ আ