দাগনভুইয়ায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাগনভুইয়ায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৩০, ২০২২ ৬:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৩০, ২০২২ ৬:২৮ পূর্বাহ্ণ

 

ফেনীর দাগনভুইয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেলে দাগনভূঞা উপজেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে দাগনভুইয়া বাজারের দিকে আসার পথে মিছিলে অতর্কিত হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুর রহমান মানিক, জায়লস্কর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোস্তফা জামান এলমান, ইমাম হোসেন চুট্টু, নুরনবীসহ প্রায় ২০/৩০ জন নেতাকর্মী আহত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে দাগনভূঞা বাজারে যাওয়ার পথে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও যুবলীগ নেতা আজিজুল হক রাসেলের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমাদের প্রায় ছাত্রদলের ২০/৩০ জন নেতাকর্মী আহত হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ জানান, বিক্ষোভ মিছিলের নামে ছাত্রদল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে ছাত্রলীগ বাধা প্রদান করে। তাদের উপর কোন হামলা করা হয়নি।

দাগনভূইয়া থানার ওসি মো. হাসান ইমাম জানান, বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ