দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৫, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তার সফরকে ঘিরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে চলছে কড়া নজরদারি। শনিবার বিকেলে ওই মাঠেই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এলাকাটি ইতোমধ্যেই ঘিরে রেখেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, যাদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পুরো অনুষ্ঠানস্থলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন বিএনপির একজন কর্মী হিসেবে। তবে এবারই প্রথম তিনি প্রধানমন্ত্রী হিসেবে এ জেলায় সফর করছেন।

তার আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ