দুর্গাপূজা উপলক্ষে গুজব একটি চ্যালেঞ্জ: র‍্যাব ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে গুজব একটি চ্যালেঞ্জ: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৯, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৯, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুজব একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, গুজবের মাধ্যমে দুষ্কৃতিচক্র আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অহবান জানান তিনি।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানী বনানী পূজামণ্ডপে র‍্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহিদুর রহমান বলেন, পূজা উপলক্ষে ছোটখাটো চ্যালেঞ্জ থাকে। এরমধ্যে গুজব একটি চ্যালেঞ্জ। গুজবের মাধ্যমে দুষ্কৃতিচক্র আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। র‍্যাবের সাইবার ইউনিট রয়েছে, তারা সার্বক্ষণিক সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করছে। গুজবের বিষয়ে র‍্যাবের কঠোর অবস্থান থাকবে। যাতে করে কোনো গুজব দুর্গাপূজার আয়োজনকে বিঘ্ন ঘটাতে না পারে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন রয়েছি।

র‍্যাব মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১ অক্টোবর থেকেই র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এবার পুলিশ, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড ছাড়াও বিশেষভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। আমরা আশা করি নির্বিঘ্নে, সুন্দরভাবে কোনো ধরণের দুর্ঘটনা ছাড়াই পূজা উদযাপন সম্পন্ন করতে সক্ষম হবো।

র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ও র‍্যাব হেডকোয়ার্টারের কন্ট্রোল রুম থেকে দেশের বিভিন্ন পূজামণ্ডপ মনিটরিং করা হচ্ছে। অন্যান্যবারের চেয়ে এবার অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।

র‍্যাব ডিজি বলেন, পরিবর্তিত পরিস্থিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ, আমাদের জন্যও চ্যালেঞ্জ। র‍্যাব সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, দেশের ১৭ কোটি মানুষ আমাদের পাশে আছে। সম্মিলিত প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো অসাধুচক্র, দুষ্কৃতিকারী কোনোভাবে সুযোগ পাবে না। এছাড়া র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ