দুর্নীতির কারণে আজ সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে: ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী নিদারুণ কষ্টের মধ্যে এই পবিত্র রমজান মাসের দিনগুলো পার করছে। এই সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি যেভাবে ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনিভাবে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের নামে দুর্নীতির কারণে আজ সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরো নগরজুড়ে বিদ্যুৎ নেই, পানি নেই। মানুষের দুর্ভোগের সীমা নেই।
তিনি আরও বলেছেন, এই দুর্নীতিবাজ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অর্থ লুটপাট করবে। সরকার দলীয় লোকজন আঙুল ফুলে কলাগাছ হবে। নির্লজ্জ সরকারের বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে। দুর্ভোগের কোনো সীমা নেই।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে ইফতারি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে। জনগণের অধিকার আদায়ে বিএনপি রাজপথে আছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।
মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন নাবিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম এ সবুর, সদস্য কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ