দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান মির্জা ফখরুলের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

সরকার দেশে একটা ‘ত্রাসের রাজত্ব’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ জুলাই) দুপুরে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার গত কয়েকদিন ধরে ঢাকাসহ সর্বত্র ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় সরকারি সন্ত্রাসী বাহিনী গুলি-সন্ত্রাস-নির্যাতন করে এই যে শিক্ষার্থীদের আন্দোলন (কোটা বিরোধী ) বন্ধ করবার্ প্রচেষ্টা চালিয়েছে।”

“এরপরে ৭টি তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে, একজন শিক্ষার্থী সাঈদকে রংপুরে কিভাবে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এরকম ভয়াবহ ঘটনা আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে অত্যন্ত দূঃখের সঙ্গে বলতে হয়, এই ধরণের দমননীতি, এ ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা-গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে।”

মির্জা ফখরুল বলেন, “শিক্ষার্থীদের দাবি এটা তারা (সরকার) আলাপ আলোচনার মাধ্যমেই শেষ করতে পারতো। শুধু তাদের জেদের কারণে আজকে তারা এই ধরণের হত্যাকান্ড ঘটিয়েছে। এই হত্যাকান্ডের নিন্দা ও ক্ষোভ আমরা জানিয়েছি।”

তিনি আরও বলেন, “আজকেও আমরা গায়েবানা জানাজা পড়তে এসেছিলাম। আপনারা দেখেছেন, এই মসজিদেও কিভাবে তারা প্রবেশপথ বন্ধ করে দিয়ে আমাদেরকে গায়েবানা জানাজায় বাধা প্রদান করা হয়েছে। আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

‘আগের মতোই নাটক করেছে ওরা’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সম্পূর্ণ আগের মতো নাটক সাজি্য়ে বিএনপি অফিসে কতগুলো ককটেল বোমা, লাঠিসোঠা রেখে দিয়ে সেখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা চলছে।”

“আমরা খুব স্পষ্ট কন্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি… সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাবো। কারণ এটা আমরা মনে করি যে, তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।”

যুগপৎ আন্দোলনের দলগুলো গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন বলে জানান বিএনপি মহাসচিব।

‘বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের নিন্দাও জানান তিনি’

মির্জা ফখরুল বলেন, “আপনারা দেখেছেন, পাকিস্তান আমলে পাকিস্তান শাসকগোষ্ঠি এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই আন্দোলন তারা দমন করতে পারেনি। একই ভাবে আজকে তারা (সরকার) যেভাবে চেষ্টা করছে তার সাথে কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমি এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ করছি।”

“আমরা মনে করি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল হল ও সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে তা সমস্যার সমাধান করা সম্ভব । এটা সরকার ইচ্ছা থাকলে করতে পারত কিন্তু তাদের সেই ইচ্ছাটাই নাই।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ