দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

বাজার মূল্য কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে।’
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নওগাঁর পোরশা উপজেলার কাপালির বাজারে চলমান ওএমএস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ শুরু হবে বলে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। শিগগিরই কার্ডের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘অনেক সময় একজন ব্যক্তি বারবার ওএমএসের চাল নিয়ে পরে বাইরে বিক্রি করে দেন, অন্যদিকে অনেকেই তা পান না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা রোধ করা যেতে পারে এবং তারপরে সবাই ওএমএস পণ্যগুলো নিতে পারবে। একটি কার্ড ব্যবহার করে সপ্তাহে একবার ওএমএস চাল কেনা যাবে।’
বাজার মূল্য কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে।
আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের আবাদ শুরু হয়েছে। চাল আমদানি করা হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন না। তাদের ন্যায্যমূল্য দিতে হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।
নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে। এ মাসেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। ৫০ লাখ পরিবার মাসে একবার ৩০ কেজি করে চাল পাবে।’
সূত্র: ইউএনবি
জনতার আওয়াজ/আ আ