দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট: বুলবুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট: বুলবুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে না। জনগণকে স্বস্তি দিতে সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে কঠোর হতে হবে।

এ ছাড়াও বাজার কারসাজি জামায়াতে ইসলামী মেনে নিবে না বলেও তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আজ থেকে বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আজকে দেখা যায়; চাঁদাবাজদের হাত বদল হয়েছে। পথে-ঘাটে, হাট-বাজারে নতুন নতুন চাঁদাবাজ দেখা যাচ্ছে। জনগণও তাদেরকে চিনে রাখতেছে। আগামীতে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

নূরুল ইসলাম বুলবুল উৎপাদন খরচ কমাতে কৃষকদের ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষক বাচঁলে দেশ বাঁচবে; অর্থনীতি সমৃদ্ধ হবে। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সিনেমা হল, মদের বার, দিনের বেলা খাবার হোটেল বন্ধ রাখতে আহ্বান জানান। রোজাদারদের শান্তি ও স্বস্তির জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান মো. নূরুল ইসলাম বুলবুল।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে রোজাদারদের স্বস্তি দিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম নামিয়ে আনতে হবে। সিন্ডিকেটের হাত থেকে জনগণকে মুক্ত করতে পারলে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার সীমায় থাকবে।

কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শুধু বাজার সিন্ডিকেট নয়, সিন্ডিকেট রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে চলছে। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি রোজাদারদের শান্তি ও স্বস্তি দিতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন প্রদান করতে হবে। লোড শেডিং দিয়ে সেহরি, ইফতার ও তারাবীর নামাজে রোজাদারদের কষ্ট দেওয়া চলবে না। পুরো রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দাবি জানান ড. মাসুদ।

এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, ১১ মাস ব্যবসা করেন, ‘এক মাস ব্যবসা না করলে ক্ষতি হবে না বরং আল্লাহ ব্যবসায় বরকত দান করবে’। রমজান মাসে অধিক মুনাফা না করে মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে সীমিত লাভে পণ্য বিক্রি করার আহ্বান জানান তিনি।

এসময় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মু. দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, আবদুস সালাম, সৈয়দ সিরাজুল হক, কামরুল আহসান হাসান সহ মহানগরী ও বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে মিছিল শেষ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ