ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী থাকে ওসমানী হাসপাতালে: জেলা প্রশাসক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী থাকে ওসমানী হাসপাতালে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের প্রধান চিকিৎসাকেন্দ্র এমএজি ওসমানী হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের মধ্যে এ হাসপাতালটি পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

পরিদর্শন শেষে সারওয়ার আলম বলেন, ওসমানীতে কয়েকটা চ্যালেঞ্জ আছে। এর মধ্যে একটি হলো এটি ৯০০ শয্যার হাসপাতাল। কিন্তু জনবল আছে ৫০০ শয্যার। অথচ এখানে ধারণ ক্ষমতার চেয়ে তিন চারগুণ বেশি রোগী থাকে। আজকেও প্রায় ২৭০০ রোগী ভর্তি আছে। রোগীদের সঙ্গে এটেনডেন্ট থাকে ৩/৪ জন। এতো বিপুল সংখ্যক লোক থাকলে তো সেবা দেওয়া যায় না। সেবায় ব্যাঘাত ঘটে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এসময় ওসমানী হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক।

হাসপাতালে দালালের উৎপাত আছে জানিয়ে তিনি বলেন, দালাল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ওসমানী হাসপাতালে কোনো দালাল ঢুকতে পারবে না। এখানে কোনো দালাল থাকবে না। যারা ঢুকতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ক্লিনিক যদি এখান থেকে রোগী ভাগিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা আছে। আগে একদিন রাতে এসেছিলাম। তখন দেখেছি অনেক অপরিষ্কার। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে বা ১৫ দিনে একবার নিজে এখানে আসতে এবং না বলে আসতে। যাতে এখানকার প্রকৃত পরিবেশ বুঝতে পারি।

হাসপাতালে গাড়ি পার্কিংয়েরও সমস্যা আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। এরপর এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একটু সময় লাগবে। ওসমানী হাসপাতালের সেবা কীভাবে আরও উন্নত করার যায় সে ব্যাপারে আজকে আমরা আলাপ করেছি। এ নিয়ে আমরা কাজ করছি। এই হাসপাতালকে অল্প সময়ের মধ্যে সিলেট অঞ্চলের মধ্যে একটি ভালো হাসপাতালে পরিণত করতে চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ