নয়াপল্টনে বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়। আর এই বইতে স্বাক্ষর করতে মানুষের ঢল নেমেছে।
সন্ধ্যায় সরজমিনে দেখা গেছে , নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ শোক বইতে স্বাক্ষর করার জন্য লাইন ধরে। কার্যালয় এর গেটের এই শোক বই খোলা হয়েছে। শোক বইতে স্বাক্ষর করার জন্য বাহির থেকে দুটি লাইন ধরেছে নেতাকর্মী অসাধারণ জনগণ। এবং কার্যালয়ের ভেতর থেকে আরেকটি লাইন ধরেছে।
শোক বইতে স্বাক্ষর করার জন্য লাইন ধরেছে সাইফুল ইসলাম। তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অনেক দিন দেখতে পাইনি। তাঁর আদর্শ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দলীয় কার্যালয়ে এসেছি। আমাদের আবেগ, ভালোবাসা ও অনুভূতির সবটুকু এই শোক বইয়ে লিপিবদ্ধ করছি। তিনি আমাদের কাছে বাংলাদেশের মা, গণতন্ত্রের মা।
নরসিংদী জেলা থেকে আগত বিএনপি নেতা সফিক বলেন, আমি সকালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে ঢাকায় এসেছি। তিনি বলেন , এই দেশ ও এই দেশের মানুষই ছিল বেগম খালেদা জিয়ার পরিবার, তাঁর সত্তা ও অস্তিত্ব। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; আবার অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়েছি, যিনি দেশের গণতান্ত্রিক পথচলায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আজ তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগ জানাতেই আমরা এখানে এসেছি।
এই দিকে আজ সকালে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির সব কার্যালয়ে শোক বই খোলা হবে। এই শোক বইয়ে সাধারণ মানুষ শোক ও সমবেদনা জানাতে পারবেন।
দলীয় সূত্রে জানা যায়, শোক বইতে স্বাক্ষর করতে পারবেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শোক বই খোলা থাকবে।
এছাড়া আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি চলবে।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে গুলশান ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
জনতার আওয়াজ/আ আ