নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের সাবেক এক নেতা মারা গেছেন। নিহতের নাম সাদেকুর রহমান (৩০)। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (২৫ মে) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি আরও জানান, এ ঘটনায় আহত আশরাফুল (২২) নামে আরও একজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, এ দিন বিকেলে সদর উপজেলার চিনিশপুর বিএনপির কাযার্লয়ের সামনে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কাযার্লয়ের সামনে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়।
জনতার আওয়াজ/আ আ