না’গঞ্জে কাউন্সিলর ইকবালসহ বিএনপির ৭ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
হরতালের সমর্থনে মিছিলের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সাইনবোর্ড এলাকার মিছিল থেকে তাদের আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ব্যানারে মিছিলের নেতৃত্বে ছিলেন থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, কাউন্সিলর ইকবাল হোসেনের নেতৃত্বে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংয়ের চেষ্টা করেন একদল বিএনপি নেতাকর্মী। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কাউন্সিলর ইকবাল একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
জনতার আওয়াজ/আ আ