না'গঞ্জ আলোচিত ডোনাল্ড ট্রাম্পেরচেয়ে বেশী দামে বিক্রি হলো নেতানিয়াহু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জ আলোচিত ডোনাল্ড ট্রাম্পেরচেয়ে বেশী দামে বিক্রি হলো নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ আলোচিত ডোনাল্ড ট্রাম্প এর পর বন্দরের ‘এসএস ক্যাটেল খামারে আলোচনার তুঙ্গে থাকা এলবিনো জাতের মহিষ ‘নেতানিয়াহু বিক্রি হয়ে গেছে। হালকা গোলাপি রঙের বিশালাকৃতির এই মহিষটি শুক্রবার রাতে সাড়ে ৬ লাখ টাকায় কিনে নিয়েছেন ঢাকার এক রাজনৈতিক নেতা। তবে তিনি নাম ও পরিচয় প্রকাশ করতে চাননি।
তবে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু বিক্রি হলেও এখনো খামার দুটিতে রয়েছে। প্রতিদিন দেখার জন্য মানুষ ভীড় করছে । ঈদুল আজহার দুদিন আগে মহিষটি দুটিকে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে বলে খামার দুটির মালিক জানিয়েছেন।
এসএস ক্যাটেল কর্তৃপক্ষ জানায়, বিরল এলবিনো জাতের এই মহিষটি যখন খামারে আনা হয়েছিল, তখন এর ওজন ছিল মাত্র ৩০০ কেজি। দীর্ঘদিনের সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে বড় করার পর বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ৭০০ কেজিতে। খামারজুড়ে অনেক পশু থাকলেও আকর্ষণের কেন্দ্রে রয়েছিল এ মহিষটি।
এসএস ক্যাটেলের ব্যবস্থাপক মেহেদি হাসান জানান, এলাকার মানুষ শখ করে মহিষটির নাম রেখেছে ‘নেতানিয়াহু’। নামটির কারণে মানুষের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ একে দেখতে খামারে ভিড় করছেন।
তিনি জানান, গোলাপি রঙের এই দানবীয় মহিষটি কুরবানির জন্য ইতোমধ্যে বিক্রি হয়ে গেলেও খামারে দর্শনার্থীদের আনাগোনা কমেনি। এক শৌখিন ক্রেতা সাড়ে ৬ লাখ টাকা দিয়ে মহিষটি নিজের করে নিয়েছেন।
খামারি রাখালরা জানান, মহিষটির স্বভাব এতটাই বদমেজাজি যে খাবার দিতে গেলেও সে সিং উঁচিয়ে ‘যুদ্ধ ঘোষণা’ করে বসে। এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।
খামার পরিদর্শনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিষটিকে দেখছেন। কেউ কেউ হাসতে হাসতে বলছেন, ‘মহিষটা এমন ভাব নিচ্ছে যেন পুরো খামারের নিরাপত্তা তার হাতেই!’ আবার অনেকে বলছেন, ‘চোখ-মুখের এক্সপ্রেশন আর চুলের স্টাইল দেখলে সত্যিই নেতানিয়াহুর কথা মনে পড়ে।’
বন্দর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এত ওজনের এবং এই রঙের মহিষ এ অঞ্চলে দেখা যায় না। তাই কুরবানির ঈদের আগে ডোনাল্ড ট্রাম্প ও ‘নেতানিয়াহু’ এখন পুরো উপজেলার টক অব দ্য টাউন ছিল।
এর আগে শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ পশু কেনার চেয়ে দর্শনার্থীদের ভিড় বেশি। এই খামারেই রয়েছে প্রায় ৭০০ কেজি ওজনের এক গোলাপি রঙের অ্যালবিনো জাতের মহিষ, যার নাম রাখা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। মহিষটি ইতোমধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা।
অটোরিকশা থেকে খামারের গেটে নামতেই দেখা গেল, অনেকে কৌতূহলী হয়ে ফার্মে ঢুকছেন ট্রাম্পকে দেখতে, আবার কেউ বের হচ্ছেন ট্রাম্পকে দেখা শেষ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ মহিষটিকে দেখতে ভিড় জমাচ্ছেন।
ঢুকতেই কথা হলো খামারের গরু-মহিষের দেখাশোনা করা রাখাল জুবায়ের, মুকারিম ও আহাদের সঙ্গে। কৌতূহলী মানুষের ভিড় সামলাতে তারা ব্যস্ত। জুবায়ের বললেন, ‘আমাদের খামারে বিভিন্ন গরুর নানা মজার নাম রয়েছে। যেমন—তুফান, রহমান ডাকাত, মাস্তান। এর মধ্যে আমাদের ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই নুরুদ্দিন আহমেদ মজা করে এই গোলাপি মহিষের নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, নারায়ণগঞ্জে এবার কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার। ৬ হাজার ৫৩৫টি খামারে কোরবানির পশু প্রস্তুত আছে ১ লাখ ১৩ হাজার পশু।
তিনি জানান, ২০২৫ সালে নারায়ণগঞ্জে কোরবানির পশুর মোট চাহিদা ছিল প্রায় এক লাখ। গতবার কোরবানির জন্য জেলায় প্রস্তুত পশু ছিল ৮৬ হাজার ৪২৬টি। ফলে গত বছরের চেয়ে এবার নারায়ণগঞ্জের খামারগুলোতে পালন করা গরুর সংখ্যা বেশি। নারায়ণগঞ্জের গরু ছাড়াও জেলার বিভিন্ন হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের গরু নিয়ে বিক্রির জন্য আসবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ