নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগের হামলায় আহত ৮ জন,গাড়ি ভাঙচুর-গুলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ১:৫৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় অপরপক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে এবং গাড়ি ভাঙচুর ও গুলি চালানোর ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাটসংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা।ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যেও।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌর যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিক ও তারিকুল ইসলাম মোঘলসহ তাদের লোকজনের সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও তার লোকজনের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। সেই বিরোধের জেরে ২০১৪ সালে পৌর মহিলালীগ নেত্রী শামসুন্নাহার বেগমের ছেলে রাসেল মিয়া খুন হন।
এসব বিরোধের জেরে শুক্রবার রাতে কেন্দুয়া হাটসংলগ্ন এলাকার হাসমত আলীর বাড়িতে পিঠার দাওয়াত খেতে যাওয়ার পথে কলি ও তার লোকজনের ওপর রামদা, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে যুবলীগ নেতা শফিকের নেতৃত্বে অন্তত ৭০ থেকে ৮০ জনের একদল অতর্কিত হামলা চালায়।
হামলায় আহতদের মধ্যে চরপাড়া এলাকার করিম মিয়ার ছেলে যুবলীগ নেতা আফজাল হোসেন, কাঞ্চন এলাকার মহিলা লীগ নেত্রী শামসুন্নাহার বেগমের ছেলে বাছির উদ্দিন, আবু সাঈদের ছেলে মোমেন, সুরুজ মুন্সীর ছেলে আলী বান্দার নাম জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আফজাল, বাছির উদ্দিন ও ফজলুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের লোকজন দাবি করেছেন।
জানা গেছে, হামলার সময় ৮ থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়। হামলাকারীরা প্রাইভেটকারসহ অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। একপর্যায়ে কাঞ্চন সেতু ও মায়ারবাড়ী স্টেশন এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ গোলাম রসুল কলি বলেন, ‘দাওয়াত খেতে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালিয়ে আটজন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তারা আমার গাড়ি ভাঙচুর করেছে।’
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
জনতার আওয়াজ/আ আ