নারায়ণগঞ্জে তিন মামলায় আইভীর জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় দুইদিনের রিমান্ড শেষে সোমবার (২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তিনটি মামলায় আইভীর জামিনের জন্য আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। এর মধ্যে পোশাক শ্রমিক মিনারুল ও রিকশাচালক তুহিন হত্যা এবং হকার নাদিম হত্যাচেষ্টার মামলা রয়েছে।
উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তিন মামলার জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় ডা. সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের রিমান্ড শুনানিতে হাজিরা দেন। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও দুইবার আইভীর জামিনের জন্য আবেদন করা হলে নামঞ্জুর হয়।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে দুইদিনের রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য উদঘাটন হয়েছে। আজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মোট তিনটি মামলায় জামিন আবেদন করা হয়েছে। তিনটি মামলাতেই আইভীর সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ আমরা আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত সেগুলো আমলে নিয়ে আইভীর সবগুলো জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যতোগুলো মামলায় আইভীকে আসামি করা হয়েছে সেগুলোর অধিকাংশ মামলাতেই তিনি ৮ নম্বর ও ১১ নম্বর আসামি। কোন মামলাতেই আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। তাই আমরা আশা করি আদালত ন্যায়বিচার করবেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত বিভিন্ন হত্যাকাÐ ও হত্যা চেষ্টার ঘটনায় সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানায় দায়ের করা ছয়টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছে। গত ৯ মে ভোরে নগরীর দেওভোগ এলাকায় নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতের নির্দেশে ওইদিনই তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
জনতার আওয়াজ/আ আ