নারায়ণগঞ্জে রিমান্ড শেষে কারাগারে আইভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাসিক সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, হত্যা, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আইভীকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৫ মে আইভীর ভাচ্যুয়ালি উপস্থিতিতে শুনানির মাধ্যমে আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৭ মে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জে আনেন মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহবুব হাসান।
উল্লেখ্য গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পরে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা আছে। এর মধ্যে চার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ