নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ৩১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ৩১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি বলেছেন, মানুষ একজন নারীকে নির্দিষ্ট একটা ফ্রেমে দেখতে চায়। অথচ আমার যখন সাজতে ইচ্ছা করবে, আমি সাজব। সেটি একান্তই আমার নিজের ব্যক্তিগত মত বা ইচ্ছা হওয়া উচিত। কিন্তু অনেক সময় মনে হয়, সবাই একজন নারীকে একই ছকে দেখতে চায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন অভিনেত্রী।
তিনি বলেন, এ বিষয়গুলো নিয়ে মেয়েদের আরও বেশি কথা বলা উচিত। নিজের মতো থাকার আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ। একটা ছেলেকে তো এত চাপের মধ্য দিয়ে যেতে হয় না।
ঈদ উদযাপন, ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে নাজিফা তুষি বলেন, সত্যি কথা বলতে— আমি ফেসবুকটা ডিলিট করে দিতে চাই। কারণ এই কাজ করতে গিয়ে অনেক কিছুই আমার ভালো লাগে না।
সামাজিক মাধ্যমে মানুষ যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন, কোনো ছবি, লুক কিংবা ব্যক্তিগত বিষয় নিয়েও সমালোচনা করেন— এসব তিনি কীভাবে গ্রহণ করেন। এমন প্রশ্নের উত্তরে নাজিফা তুষি বলেন, সমাজে নায়িকাদের নিয়ে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে গেছে, যা তার কাছে অস্বস্তিকর বলে মনে হয়।
অভিনেত্রী বলেন, আমি অভিনয় করি, মানুষ আমাকে অভিনেত্রী বা নায়িকা বলে। কিন্তু নায়িকাদের যে একটা নির্দিষ্টভাবে দেখতে হবে, সবসময় তৈরি হয়ে থাকতে হবে কেন, পুতুলের মতো থাকতে হবে কেন?— এ বিষয়গুলো আমার ভালো লাগে না। এগুলো অনেক সময় বোঝা মনে হয়।
তিনি বলেন, নিজের ইচ্ছায় সাজতে তার আপত্তি নেই। তবে সমাজের প্রত্যাশা পূরণের জন্য সবসময় নির্দিষ্ট ছাঁচে নিজেকে উপস্থাপন করার চাপ তিনি সমর্থন করেন না।
অভিনেত্রীর মতে, সময় এসেছে বাহ্যিক সাজসজ্জার গণ্ডি পেরিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় ও আত্মবিশ্বাসকে বেশি গুরুত্ব দেওয়ার।
এ সময় সমাজে নারী ও পুরুষের প্রতি ভিন্ন ধরনের প্রত্যাশার বিষয়টিও তুলে ধরেন তিনি। তুষি বলেন, নারীদের চেহারা, পোশাক ও উপস্থাপন নিয়ে যে চাপ তৈরি করা হয়, পুরুষদের ক্ষেত্রে তা অনেক কম।
তিনি বলেন, ‘বোল্ডনেস শুধু মেকআপে না। বোল্ডনেস হচ্ছে নিজের ত্বকে, নিজের মতো করে স্বাচ্ছন্দ্যবোধ করা। তুমি যেমন আছো, সেটাই গুরুত্বপূর্ণ। কী পরলে, কী পরলে না, স্যান্ডেল পরলে নাকি হিল পরলে— এসব আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না।
জনতার আওয়াজ/আ আ