নিম্ন আদালতের ক্ষতি না করার আহ্বান জানালেন আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশের নিম্ন আদালতের কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিভিন্ন জেলায় নিম্ন আদালত ঘেরাওয়ের খবর পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নিম্ন আদালত বিষয়ে ছাত্র-জনতার কোনো দাবি নেই। কেউ কিছু বললেও সেটা ভুল করে বলেছে।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি যত দূর জানি, আপনাদের নিশ্চিত করছি, ছাত্র-জনতার দাবি ছিল উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতির পদত্যাগের বিষয়ে। নিম্ন আদালতের ক্ষেত্রে তাদের কোনো কর্মসূচি নেই।’
জেলার আদালত অর্থাৎ নিম্ন আদালত ঘেরাও হওয়ার উদ্বেগজনক খবর পাওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি আন্দোলনকারী ছাত্র-জনতার কাছে অনুরোধ করব, জেলা আদালতে কোনোভাবে ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কাজ করবেন না। সেখানে ঘেরাওয়ের কোনো প্রয়োজন নেই।’
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে যাচ্ছেন। অতীতে ভুল-ভ্রান্তি কিছু হয়েছে, সেটা থেকে তারা বের হয়ে আসবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। তিনি নিম্ন আদালতে নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ