নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণও যেন না যায়: ইসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণও যেন না যায়।’
রোববার দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জেলার ৩টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু করার জন্য যতরকম বাহিনী দরকার, সব নামানো হয়েছে উল্লেখ করে ইসি আলমগীর বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য যতরকম বাহিনী দরকার, সব বাহিনী নামানো হয়েছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে। কারো যেন সম্মানহানি না হয়। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণও যেন না যায়। দেশের প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এ দেশের প্রত্যেক মানুষ সম্মানিত। তাই কেউ যেন কারো সম্মানে আঘাত না করে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আসলাম খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ