নির্বাচন নিয়ে কোন থ্রেট দেখছি না : আইজিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট দেখছেন না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। আমাদের গোয়েন্দা সংস্থা সব জায়গায় ফিট করা আছে। কোনো থ্রেটের তথ্য পেলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আমরা সিইসির সঙ্গে কথা বলেছি। যখনই নির্বাচন আসে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসি। ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি ইসির নির্দেশনা অনুযায়ী একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব।’
আইনশৃঙ্খলা পরিবেশ কেমন এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই, বা বোধও করছি না।’
সহিংসতা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সহিংসতা যারা করছে তারা বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে প্রায়ই সবকিছুই স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব।’
প্রকাশ্যে সিল মারা প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা জানা নেই। তবে কারও বিরুদ্ধে কোনো ত্রুটি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো নির্বাচনে আইন বহির্ভূত কাজে পুলিশের লোক হোক বা যেকোনো লোক হোক যার বিরুদ্ধে ত্রুটি পাবো ব্যবস্থা নেব।’
জনতার আওয়াজ/আ আ