পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে তারেক রহমানের বাণী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে তারেক রহমানের বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৫:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৫:৪৬ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবাইকে জানাই আন্তরিক শুভেচছা ও মোবারকবাদ। কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।

লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিলো পবিত্র মহাগ্রন্থ আল—কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলো আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।

এমন একটি অরাজক সময়ে রমজান অতিবাহিত হচ্ছে যখন অসংখ্য মানুষ দুর্বিষহ জীবন—যাপন করছে। বর্তমানে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশী খাদ্যপণ্যের দামে সাধারণ মানুষ অর্ধাহারে—অনাহারে জীবন কাটাচ্ছে, সমাজে সহিংস সংঘাত আর রক্তপাত ব্যাপক বিস্তার লাভ করেছে।

মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত—পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদিতে ব্যস্ত থাকবেন।

আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল—আমীনের দরবারে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যানের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের উপর তাঁর অশেষ করুণা বর্ষিত হোক। আমীন।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ