পিআর পদ্ধতিসহ ৭ দাবিতে জাগপার ২ দিনের কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিআর পদ্ধতিসহ ৭ দাবিতে জাগপার ২ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন একই সময়ে দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন পালন করা হবে। এবং বুধবার (১৫ অক্টোবর) জাগপার সকল সাংগঠনিক জেলা শহরে মানববন্ধন পালন করা হবে।

আজ সোমবার দুপুর ১২টায় জাগপা পল্টন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান উক্ত কর্মসূচি ঘোষণা করেন। ৭ দফা দাবি নিয়ে জাগপা এর পূর্বে প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার তৃতীয় দফায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো জাগপা।

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, শুধুমাত্র স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। শুধু মাত্র স্বাক্ষর নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সাথে উক্ত আদেশের উপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন একইসাথে গণভোট আয়োজন করা হলে, জাতীয় নির্বাচন মুখ্য এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে। কিন্তু এখনো পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, লগি-বৈঠা গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই। আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান হয় নাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগের পদক্ষেপও দেখতে পাচ্ছি না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হলেও আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দল এখনো মুক্ত। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের মত তাদেরও বিচার করতে হবে।

জাগপা মুখপাত্র বলেন, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন আর দেখতে চায় না। দেশের মানুষ আর নতুন করে স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, লুটেরা সরকার চায় না। তাই নতুন বাংলাদেশ গড়তে, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা সভাপতি শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ