পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত
পিআর পদ্ধতির দাবি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বপালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।
ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে ইসি সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইনে যেভাবে আছে, নির্বাচন কমিশন সেভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি, ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।
আরেকটি প্রশ্নের উত্তরে আনোয়ার ইসলাম বলেন, ‘আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব।’
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যরা।
জনতার আওয়াজ/আ আ