প্রধানমন্ত্রীর পার্লামেন্টের বক্তব্যই প্রমাণ করে বিএনপির আন্দোলন ঠিক পথে আছে: দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রীর পার্লামেন্টের বক্তব্যই প্রমাণ করে বিএনপির আন্দোলন ঠিক পথে আছে। মঙ্গলবার (১১ এপ্রিল) খুলনা প্রেসক্লাব চত্বরে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ঘোষিত ১০ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আগে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্টের ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, তার আগে কোন নির্বাচনে যাওয়া চলবে না। এতে কোনো ভালো ফল আসবেনা। যে কারণে বিএনপি নির্বাচনে যেতে চায় না।
তিনি বলেন, সামনে ঈদ। অথচ মানুষের হাতে টাকা নেই। চলবার মতো অবস্থা নেই। নুন আনতে পান্তা ফুরার অবস্থা। সেদিকে সরকারের কোন নজর নেই। শুধু একটাই বুলি উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন! মানুষের পেটে ভাত না থাকলে উন্নয়ন দিয়ে দেশের জনগণ কী করবে? আগে জনগণের পেটে খাবার দিতে হবে তারপরে উন্নয়ন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এবারের আন্দোলন গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠার জন্য। এবারের আন্দোলন দেশ রক্ষার আন্দোলন। বেগম জিয়ার মুক্তির আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন হবে। গণ-বিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ করতেই হবে, অবৈধ সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নাহলে দেশের মানুষ রাস্তায় নামবে এবং এ সরকারের পতন করেই ছাড়বে।
এ সময় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক বাবু জয়ন্ত কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান, কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম বাদশা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ