ফরিদপুরের গণসমাবেশে যোগ দিতে মরিয়া রাজবাড়ীর নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:২১ অপরাহ্ণ

ফরিদপুরে আগামী ১২ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন রাজবাড়ীর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণসমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা দ্বিধা-দ্বন্দ্ব ভুলে পাড়ায়-মহল্লায় পথসভা, উঠান বৈঠক ও হ্যান্ডবিল বিতরণসহ নানা উপায়ে সমর্থকদের গণসমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছেন।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে গোয়ালন্দে বিএনপি নেতাকর্মীদের পথসভা ও আলোচনা সভা শেষে গণসংযোগ করতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুফ আলী ও মো: ইয়ার হোসেন প্রমুখ।
গণসংযোগকালে নিজাম শেখ ও মোশারফ আহম্মেদ বলেন, আমরা জানি, সরকারি মদদে ইতোপূর্বে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশের ন্যায় ফরিদপুরের গণসমাবেশের আগেও যান চলাচল বন্ধ করে দেয়া হবে। তারপরও আমরা পায়ে হেঁটে সমাবেশে যোগদান করব।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, এ জেলায় ৪২ ইউনিয়ন ও তিনটি পৌসভার ৪০৫ ওয়ার্ড কমিটি রয়েছে। প্রতি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি মিলে মোট ২০ হাজার ৬৫৫ জন নেতা আছেন। তারা সবাই মিলে ৩৫-৪০ হাজার মানুষ নিয়ে পায়ে হেঁটে ফরিদপুরের গণসমাবেশে যোগদান করবেন।
জনতার আওয়াজ/আ আ