ফারহান-৪ লঞ্চের কেবিনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লঞ্চের কেবিনে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রবিবার (৮ মার্চ) নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ফারহান-০৪’ লঞ্চে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ রবিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী (১৭) নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ফারহান-০৪’ লঞ্চে ওঠেন। তার বাবা তাকে লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে তুলে দিয়ে আসেন। একই লঞ্চে অভিযুক্ত সাকিব ও মিঠুও ঢাকার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চ ছাড়ার কিছু সময় পর অভিযুক্তরা ওই শিক্ষার্থীর কেবিনের দরজায় নক করে এবং নিজেদের তার বাবার পরিচিত হিসেবে পরিচয় দেয়। এরপর নিরাপত্তার খাতিরে মোটরসাইকেল কেনার কিছু টাকা ওই শিক্ষার্থীর কেবিনে রাখার অনুরোধ করলে সরল বিশ্বাসে তিনি তাদের ভেতরে আসতে দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, কৌশলে কেবিনে প্রবেশ করে অভিযুক্তরা শিক্ষার্থীর বেডে বসে পড়ে এবং তাকে কু-প্রস্তাব দেয়। এতে ওই শিক্ষার্থী রাজি না হলে তারা তার গলা ও মুখ চেপে ধরে। এ সময় মিঠু ভুক্তভোগী ছাত্রীর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় এবং সাকিব দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে সাকিব ও মিঠু পুনরায় কেবিনে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে আবারও ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহমেদ বলেন, ‘ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
জনতার আওয়াজ/আ আ