ফেনীর সোনাগাজীতে ৫ মিনিটের ‘ফটোসেশনেই’ শেষ বিএনপির কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:২৭ পূর্বাহ্ণ

ফেনীর সোনাগাজীতে গণঅবস্থান কর্মসূচি শুরুর পর ফটোসেশন শেষে পাঁচ মিনিটের মধ্যে শেষ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের কলেজ রোড়ে গণঅবস্থান কর্মসূচি শুরু করলেও ‘পুলিশের বাধার’ কারণে দীর্ঘায়িত করতে পারেননি বিএনপি নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা কলেজ রোড়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর বাড়ির সামনে জমায়েত হন। পরে স্বল্পসংখ্যক নেতাকর্মী পায়ে হেঁটে কলেজ রোডের মাথায় গেলে পুলিশের অবস্থান দেখে ফটোসেশন করেই তাদের কর্মসূচির ইতি টানেন। তবে কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং দলটির সিংহভাগ নেতাকর্মীর দেখা মেলেনি।
সংক্ষিপ্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নুর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকু, শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা প্রমুখ।
স্বল্প সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করার বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী দাবি করেন, পুলিশের বাধার কারণে তারা তড়িঘড়ি করে কর্মসূচি সমাপ্ত করতে বাধ্য হন।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান বলেন, পুলিশ বিএনপির কর্মসূচিতে বাধা দেয়নি। তাদের কর্মসূচিতে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য তৎপর ছিল পুলিশ।
জনতার আওয়াজ/আ আ