ফেসবুক থেকে সাময়িক বিরতি ঘোষণা শ্রীলেখার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেসবুক থেকে সাময়িক বিরতি ঘোষণা শ্রীলেখার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 

নিয়মিত আলোচনার পাশাপাশি সমালোচনায়ও থাকেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নটী বিনোদিনী’র লুক নিয়ে অভিনেত্রী রুক্মিণী মিত্রকে কটাক্ষ করে পড়েছেন আরেক বিতর্কে। পাল্টা জবাবে অভিনেত্রীকে একহাত নিয়েছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অরিত্র দাস। অবশ্য পাল্টা জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।

সাম্প্রতিক বিতর্কিত ইস্যু হোক কিংবা সমকালীন সংস্কৃতি চর্চা, সব কিছুতেই তাঁর পোস্ট চোখে পড়েই ফেসবুক ব্যবহারকারীদের। তবে এবার অভিনেত্রী ঘোষণা দিলেন ফেসবুক থেকে সরে যাওয়ার? আচমকা ফেসবুক থেকে সাময়িক বিরতি ঘোষণা করলেন শ্রীলেখা! এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে অনলাইনে। কী কারণে শ্রীলেখার এই সিদ্ধান্ত, তা আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) শ্রীলেখা নিজের ফেসবুক প্রোফাইলেই বিরতির কথা ঘোষণা করেছেন। ইংরেজিতে একটি স্ট্যাটাস লিখে এই ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। যার বাংলা করলে দাঁড়ায়, ‘ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিলাম, পেজ অ্যাকটিভ থাকবে। নিজেকে এবং নিজের ফ্রেন্ডলিস্টকে পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।’

তাঁর এই পোস্টের নিচে অনুরাগীদের প্রতিক্রিয়াও কম নয়। কেউ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তাঁর পোস্ট দেখতে না পেলে তাঁদের মন খারাপ হবে বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি ‘নটী বিনোদিনী’ সিনেমায় নায়িকার লুক নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। বিনোদিনীরূপী রুক্মিণী মৈত্রর ছবি প্রকাশ্যে আসার পর তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন?’ নিজের বিনোদিনী রূপের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। শ্রীলেখার এই মন্তব্যে অনলাইনে হৈচৈ পড়ে যায়। তবে এ নিয়ে রুক্মিণীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, এবার শ্রীলেখার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছেন ছবির সঙ্গে যুক্ত অরিত্র দাস। সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখাকে ইঙ্গিত করে অরিত্র লেখেন, ওঁর জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত।

সেই ঘটনার জেরেই কি শ্রীলেখার সাময়িক বিদায়? এই প্রশ্নের উত্তর খুঁজছে ভক্ত-অনুরাগীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ