ফ্যাসিস্ট সরকার দেশ ফোকলা করে দিয়ে গেছে: জাহিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার চলে গেছে; কিন্তু যাওয়ার সময় দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে। যার জন্য আজকে অর্থনৈতিক দুরবস্থা। সেখান থেকে বেরিয়ে আসতে সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার (২৭ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, যতটা প্রাকৃতিক তার চেয়ে মানবসৃষ্ট বন্যা। আর এই ভয়াবহ দুযোর্গ বন্যায় প্রায় ২৩জন মানুষ বানের জলে ভেসে গেছে। ৫২ লক্ষ মানুষ আশ্রয়হীন। তারমধ্যে ১২ লক্ষ মানুষ এখন পর্যন্ত পানিবন্দি আছে। ফেনী জেলার তিনটি উপজেলায় এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌছানো যাচ্ছে না। এমন পরিস্থিতি জনগণের দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনিদিষ্ট নির্দেশনায় ত্রাণ সংগ্রহ কমিটি তাদের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে ত্রাণ সংগ্রহ-ত্রাণ বিতরণে গত ৭ দিন যাবৎ কাজ করে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তারা তাদের প্রয়োজনে পানি ছেড়ে দেয় আবার বন্ধ করে রাখে। আমাদের যখন পানির প্রয়োজন পড়ে তখন তারা পানি দেয় না। কিন্তু আমাদের যখন পানির প্রয়োজন পড়ে না তখন তারা পানি ছেড়ে দেয়। এজন্য বলছি এটা প্রাকৃতিক বন্যা নয়, মানবসৃষ্ট বন্যা।
স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের মনে রাখতে হবে বিএনপি একটি রাজনৈতিক দল, জনগণের পাশে থাকা দল। দলটি এখন ক্ষমতায় নেই তারপরও জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার সেটি বাস্তবায়ন করার জন্যই তার সকল নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বানভাসি মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে। তারই প্রেক্ষিতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত ত্রাণ সংগহের সময় বলা হলেও এখন দেখা যাচ্ছে রাত ১টার সময়ও ত্রাণ সংগ্রহ করতে হচ্ছে। ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যদের বাইরেও অনেক স্বেচ্ছাসেবক এই ত্রাণ সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। আজ বিকালের মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুর, মৌলভীবাজারের উদ্দেশে ত্রাণের তৃতীয় চালান পৌছে যাবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই ত্রাণ সামগ্রী পাঠানো হবে এবং এই ধারা অব্যাহত থাকবে। প্রতিটি ত্রাণ সামগ্রী গ্রহণ ও জমার হিসাব রাখা হচ্ছে। যেহেতু এটা জনগণের আমানত। সেই হিসাব অনুযায়ী আমরা ভাগ করে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছি। যথাযথভাবে ত্রাণ পৌছাতে আমরা সচেতন আছি।
বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, প্লাবিত বন্যাকে পরিকল্পিত বন্যা বলা যায় কারণ এই বন্যার কোনো আগাম সতর্ক বার্তা ছিল না। যা আমাদের জানা ছিল না। যে কারণে একটা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নির্দেশনা অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা বন্যার্ত মানুষের পাশে সহযোগিতায় কাজ করে যাচ্ছেন।
জনতার আওয়াজ/আ আ