বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ

বজ্রপাতে নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৪ এপ্র্যিল) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সুনামগঞ্জ বজ্রপাতে ছয়জনের মৃত্যু ও দুজন মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় বিএনপি মহাসচিব গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রোববার সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া, পশ্চিম বড়কাপন গ্রামের আরশ আলী, চরমহল্লা ইউনিয়নের চরদুর্লব গ্রামের আবদুস সামাদ, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের তারা মিয়া, ফতেপুর গ্রামের মিলন মিয়াসহ তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের রমজান আলীর আকস্মিক মৃত্যুতে শোকাহত।
তিনি বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বজ্রপাতে আহত তাহিরপুর গ্রামের মুকিদ মিয়া ও দোয়ারাবাজার গ্রামের নিজাম উদ্দিনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে সরকারের প্রতি নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ