বরিশালের আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ৩ কেজি ইলিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বরিশালের আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকারের এক ইলিশ। ওজন প্রায় তিন কেজি, দৈর্ঘ্যে দুই ফুটের কাছাকাছি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলার বিশারীকাঠী গ্রামের জেলে সোহেল মোল্লার জালে ওঠে মাছটি।
মাছটি বাজারে আনা হলে স্থানীয়দের ভিড় পড়ে যায়।
পরে পালোয়ান মৎস্য আড়তের মালিক মনির পালোয়ান ১০ হাজার ৭০০ টাকায় কিনে নেন ইলিশটি।
মনির পালোয়ান বলেন, ‘এমন আকারের ইলিশ বরিশালের নদীতে সচরাচর দেখা যায় না। সাধারণত এক থেকে দেড় কেজির ইলিশই ধরা পড়ে। তিন কেজির ইলিশ এখন বিরল।
’
তিনি আরো বলেন, মা ইলিশের পাশাপাশি জাটকা নিধন রোধে সরকারের কঠোর নজরদারির ফলেই বড় ইলিশ আবার নদীতে ফিরতে শুরু করেছে।
মাছটির পিঠ মোটা, পেট ফোলা। আড়তের মালিক বলেন, মাছটির পেটে কিছুটা ডিমও আছে। সকাল থেকেই বাজারে মাছটি দেখতে ভিড় করেন অনেকে।কেউ দরদাম করতে না পারলেও অনেকেই ছবি তুলছিলেন।কিনতে নয় মাছ দেখতে এসেছিলেন আলমগীর হোসেন। তিনি বলেন, ‘এবার অনেক ইলিশ বাজারে বিক্রি হয়েছে। কিন্তু এত বড় ইলিশ কোনোদিন দেখিনি। দামটা একটু বেশি, তবে ছবি তুলে রাখলাম স্মৃতি হিসেবে।
’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জীববিজ্ঞান ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, রামগতির ইলিশটিই এই বছর ধরা পড়া সবচেয়ে বড় ইলিশ।
গবেষণার বরাত দিয়ে রাজীব সরকার আরো বলেন, একটি ইলিশ সর্বোচ্চ সাত বছর বাঁচে এবং চার কেজি পর্যন্ত ওজন হতে পারে। তিন কেজির ইলিশের বয়স প্রায় পাঁচ বছর। বর্তমান প্রেক্ষাপটে এটি বড় ইলিশ হিসেবেই ধরা যায়।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, নিষেধাজ্ঞা এবং বিশেষ অভিযানের কারণে নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। তবে উৎপাদন বাড়লেও নদীতে সরবরাহ কম, তাই দাম তুলনামূলক বেশি।
জনতার আওয়াজ/আ আ