বরিশালের সাংগঠনিক সম্পাদক বিলকিসসহ ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালের সাংগঠনিক সম্পাদক বিলকিসসহ ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রায় ১৫ মাস পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। এছাড়া বরিশাল জেলা ও মহানগরের আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।

শনিবার (২২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল থাকবেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে সরকার পতনের পর বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় একটি পুকুর ভরাট করে তা দখলের অভিযোগ ওঠে বিলকিস ও তার পরিবারের বিরুদ্ধে। ওই সময় এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিলকিসের দলীয় পদ স্থগিত করেছিল বিএনপি।

পৃথক আরেক বিজ্ঞপ্তি জানানো হয়, বরিশাল উত্তর জেলার হিজলা উপজেলার বিএনপির সদস্য সচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহসভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঁড়ি, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও বরিশাল মহানগরের ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ এপ্রিল এই ৯ নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ